তারাব পৌরসভার সাবেক কাউন্সিলরের ভাতিজিকে ব্ল্যাকমেইল: যুবক গ্রেফতার

প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজের ভাতিজির ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে রাতুল তালুকদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ । গ্রেফতারকৃত রাতুল তালুকদার কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নথের পেটুয়া এলাকার শাহিন তালুকদারের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া কলেজ মাঠ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ্য করে শিক্ষার্থীর স্বজনরা। এ ঘটনায় শিক্ষার্থীর চাচা নজরুল ইসলাম মফিজ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ জানান, তিনি পুরো পরিবার নিয়ে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় বসবাস করেন। তার ভাতিজি ওয়ারিশা আক্তার (১৩) সামসুল হক খান স্কুল এন্ড কলেজ এর সপ্তম শ্রেণীতে লেখাপড়া করছে। গত বেশ কিছুদিন আগে কুমিল্লা জেলার রাতুল তালুকদার নামে এক যুবকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ারিশার পরিচয় হয়। রাতুল তালুকদার কৌশলে তার ভাতিজি ওয়ারিশার মোবাইল ফোন হ্যাক করে ফোনের সকল তথ্য নিয়ে যায়। চলতি বছরের গত ১৫ সেপ্টেম্বর রাতুল জানায় তার কাছে ওয়ারিশার সকল ব্যক্তিগত তথ্য রয়েছে। যদি রাতুলকে ২ লাখ টাকা না দেওয়া হয় তাহলে ওয়ারিশার ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। মান সম্মান বাঁচাতে বাড়ির কাউকে না জানিয়ে ওয়ারিশা ১ লাখ টাকা রাতুলকে প্রদান করে। গত ৭ অক্টোবর মঙ্গলবার রাতুল পুনরায় ৫০ হাজার টাকা দাবি করলে
ওয়ারিশার সাড়ে চার লাখ টাকা স্বর্ণের হার দিয়ে দেয়। পরে রাতুল আরও টাকা দাবী করলে ওয়ারিশা উপায় না পেয়ে বিষয়টি বাড়িতে জানায়। বাড়ির লোকজনের কথামতো বুধবার সকালে ওয়ারিশা টাকা নিতে রাতুলকে মুড়াপাড়া কলেজে আসতে বলে। বেলা ১২ টার দিকে রাতুল টাকা নিতে আসলে ওয়ারিশার চাচা নজরুল ইসলাম মফিজসহ সকলে রাতুল কে আটক করে পুলিশের সোপর্দ করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীর পরিবার ব্ল্যাকমেলিং এর মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি জানায়। আমরা ওই যুবককে পুনরায় টাকা নিতে আসার জন্য বলতে বলি। রাতুল তালুকদার টাকা নিতে আসলে তাকে পরিবারের লোকজন নাটক করে আমাদের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।