
স্টাফ রিপোর্টার : রূপগঞ্জের পূর্বাচলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব বেলাটেক গ্রামের কামাল মিয়ার ছেলে ইয়ামিন (১৭), একই গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র (১৮)এবং সিটি মার্কেট এলাকার জিল্লুর মিয়ার ছেলে শ্রাবণ(১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিন বন্ধু মিলে একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হন। একপর্যায়ে ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি দ্রুতগামী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়ামিন ও রুদ্রের মৃত্যু হয়।
এ সময় শ্রাবণ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঞ্চন হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

















