রূপগঞ্জে ছাত্রদল নেতার উদ্যোগে রাস্তা সংস্কার ও খেলাধুলার আয়োজন, বদলাচ্ছে দাউদপুরের চিত্র

স্টাফ রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বিভিন্ন সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণে ব্যক্তিগত অর্থায়নে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়ন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরিতেও কাজ করছেন তিনি। তাঁর এসব উদ্যোগে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে অনেক সড়ক ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। সংস্কারের অভাবে এসব সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যেত।
এ পরিস্থিতিতে নিজ অর্থায়নে সড়ক নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেন সুলতান মাহমুদ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, হাটাবো, নন্দীপাড়া, সোনাদিয়া ও ধইরাটেকসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ১০ থেকে ১২টি নতুন রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ভারী যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত প্রধান সড়কগুলোর খানাখন্দ মেরামত করা হয়েছে। পানি নিষ্কাশনের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে চারটি কালভার্ট নির্মাণের কাজও চলছে।
যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুযোগ সৃষ্টি, গ্রামের মাঠগুলো খেলাধুলার উপযোগী করা এবং ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে তাঁদের নানা সমস্যায় পড়তে হতো। বৃষ্টির সময় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং মুসল্লিদের মসজিদে নামাজ পড়তে যাওয়াও কষ্টকর হয়ে পড়ত। সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগে তাঁদের দুর্ভোগ কমবে বলে আশা করছেন তাঁরা।
সুলতান মাহমুদ বলেন, “দাউদপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য, প্রতিটি ওয়ার্ডের যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা। দাউদপুরকে একটি আধুনিক, সুন্দর ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।”
যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার এ উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।