রূপগঞ্জের মাহনায় রাস্তা বন্ধের সালিশের মাঝে হামলা, আহত; ৫

নিউজ ডেস্ক:   রূপগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের ঘটনার সালিশি বৈঠকের মাঝেই প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, এলাকার আফসার উদ্দিন ও রফিজ উদ্দিন স্থানীয় কিছু লোকজন নিয়ে জহিরুল ইসলামের বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে একটি দেয়াল নির্মাণ করেন। এই রাস্তা নিয়ে বিরোধ মীমাংসার জন্যে শুক্রবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

সালিশি বৈঠকের আলোচনার একপর্যায়ে ভুক্তভোগী জহিরুল ইসলামের পক্ষে যেতে থাকলে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ। এ সময় ছাত্রলীগ কর্মী রাব্বি, রবিন, শুভ, রনি, আফসার উদ্দিন, রফিজ উদ্দিন ও আশরাফ উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জহিরুল ইসলাম ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীদের এলোপাথাড়ি পিটুনিতে জহিরুল ইসলাম, আকাশ, শ্যামল, ঈদুল ও রুহুল আমিন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।