ভুলতায় ফুটপাত উচ্ছেদের পর ফের দখল : স্থায়ী সমাধান চায় রূপগঞ্জবাসী

স্টাফ রিপোর্টার : রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের নেৃতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার কিছুক্ষনের মাঝেই আবার পূনরায় দখল হয়ে ফুটপাত ও রাস্তা। এর আগেও, বেশকয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল উপজেলা প্রশাসন। এতে কোন সুফল পায় নি স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঙ্গলবার দুপুর থেকে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অবৈধ দোকান ভেকু দিয়ে ভেঙ্গে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষ করে উপজেলা প্রশাসন যাওয়া একটু পরেই ফের দখল হয়ে যায় ফুটপাত। ফুটপাত আবারো আগের অবস্থায় ফিরে যাওয়ায় ফের যানজট দেখা দেয় ঢাকা-সিলেট মহাসড়কে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভুলতা এলাকায় গাউছিয়ার মার্কেটের সামনে অবৈধভাবে ফুটপাত ও মহাসড়ক  দখল করে দোকানপাট বসানোর কারণে এখানে যানজট লেগেই থাকে। কয়েক দিন পরপরই উপজেলা প্রশাসন ভুলতা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে যায়। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ পরই তা আবার দখল হয়ে যায়। আমরা এটার স্থায়ী সমাধান চাই।

এদিকে, ফুটপাতে বসা হকাররা বলেন, স্থায়ীভাবে ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত করতে হলে আমাদের অন্য কোথাও পূর্নবাসন করতে হবে। নয়তো আমরা গরীব মানুষ। মার্কেটের ভেতরে এতো এতো টাকা খরচ করে আমাদের দোকান নেওয়া সম্ভব না। সরকারিভাবে আমাদের পূনর্বাসন করে অন্য কোথাও নেওয়া হলে ফুটপাত পুরোপুরি দখল মুক্ত হয়ে যাবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে ১২টি জেলার মানুষ আসা-যাওয়া করে। দীর্ঘদিন ধরে এ সড়কে ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকার মহাসড়ক দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছে। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।

বেশ কয়েকবার অভিযান চালিয়ে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবার একটি অসাধু চক্র টাকার বিনিময়ে সেগুলো পুনরায় বসিয়ে সড়ক দখল করে ফেলছে।

রবিবার থেকে সড়ক দখলমুক্ত রাখতে স্থায়ীভাবে প্রশাসনের লোকজন এখানে নিয়মিত টহল দেবেন। এ ছাড়া সড়ক দখলমুক্ত রাখতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।