
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাড়াটিয়ার কাছ থেকে টাকা দাবির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা বাড়িওয়ালাসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে আহত মনির ভুইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
মনির ভুইয়া জানান, তিনি একজন ব্যবসায়ী। তার প্রতিবেশী জাকির, আলিফ, তামজিদ, রোকসানা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীরা মনির ভুইয়ার ভাড়াটিয়াদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিল। কিন্তু মনির ভুইয়া এ ঘটনার প্রতিবাদ করেন। এর জের ধরে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জাকির, আলিফ, তামজিদ, রোকসানাসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মনির ভুইয়ার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় মনির ভুইয়া তার স্ত্রী সাহিদা ও মা মমতাজ বেগম গালিগালাজ করতে নিষেধ করায় মাদক ব্যবসায়ীরা তাদের এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তারা মনির ভুইয়াকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।















