
শাহজাহান ভূঁইয়ার মৃত্যুতে এডভোকেট তৈমুর আলমের শোক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।
জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।
আলহাজ শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার রাজনীতিতে এক পরিচিত ও প্রভাবশালী নাম ছিলেন। তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই প্রবীণ নেতা রূপগঞ্জে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
এসময় তৈমূর আলম খন্দকার বলেন, শাহজাহান ভূঁইয়া একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।















