রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বৈরাগবাড়ি সড়কের নির্মাণকাজ উদ্বোধন

স্টাফ রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বৈরাগবাড়ি গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও চলাচলের ভোগান্তি কমাতে পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও ইউপি সদস্যদের উপস্থিতিতে তিনি সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি আবাসন কোম্পানির বালু ভরাটের কারণে গত ১৫ বছর ধরে বৈরাগবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে গ্রামের বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এ সমস্যা সমাধানে অতীতে বিভিন্ন নেতা ও জনপ্রতিনিধি আশ্বাস দিলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। পরে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়াকে বিষয়টি জানালে তিনি সড়কটি পাকা করার উদ্যোগ নেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী।

সড়কটির নির্মাণকাজ উদ্বোধনকালে ইউপি প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, “নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সব সময় জনগণের পাশে থাকার নির্দেশনা দেন। আমরাও জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছি। রূপগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাট উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়।”

তিনি আরও বলেন, “বৈরাগবাড়ি এলাকাটি অনেকটা দ্বীপের মতো বিচ্ছিন্ন ছিল। জলাবদ্ধতার কারণে গ্রাম থেকে বাইরে যাতায়াত করতে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হতো। আজ সড়কটির পাকা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। পরবর্তী সময়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।”