ভুলতা–গোলাকান্দাইল ইউনিয়ন থাকছে না, এক করে হচ্ছে পৌরসভা

ডেষ্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের সমন্বয়ে নতুন পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত পৌরসভার প্রয়োজনীয় তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের প্রশাসক/ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের প্রয়োজনীয় তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের সম্পূর্ণ এলাকা নিয়ে ‘ভুলতা/গোলাকান্দাইল পৌরসভা’ গঠনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। এ কারণে পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে।
জেলা প্রশাসন যেসব তথ্য চেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— প্রস্তাবিত এলাকার জনসংখ্যা ও জনঘনত্ব, কৃষি ও অকৃষি জমির পরিমাণ, ইউনিয়ন, মৌজা, জে.এল. নম্বর ও দাগ নম্বরসহ ভূমির তথ্য, ডিজিটাল ম্যাপ, পৌরসভা গঠনের যৌক্তিকতা এবং গত তিন বছরের গড় রাজস্ব আয়ের তথ্য।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়ন নিয়ে পৃথক পৌরসভা গঠিত হলে দ্রুত নগরায়ণ হওয়া এ অঞ্চলে নাগরিক সেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে।