
নিউজ ডেস্ক: রূপগঞ্জে পূর্ব শত্রুতা জের ধরে সন্ত্রাসীরা নারী ও ব্যবসায়ীসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকা এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মঙ্গলবার সকালে আহত আল ইসলাম ও আলমগীর হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় দুইটি পৃথক অভিযোগ দেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, আল ইসলাম ও আলমগীর বরাবো মোগরাকুল এলাকায় দীর্ঘদিন ধরে ইট, রড, বালু, সিমেন্টের ব্যবসা করে আসছে। তারাবো পৌরসভার বরাবো এলাকার মিজান ওরফে ফেন্সি মিজানের নেতৃত্বে তোতলা মেহেদী, রিয়াজুল ইসলাম, মনির, শাকিল, সিয়াম, শফিকুল, হাসিব বরাবোসহ মোগরাকুল এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ সকল কর্মকান্ডে আল ইসলাম ও আলমগীর তাদের বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে আল ইসলাম ও তার ভাগ্নি জামাই জাহাঙ্গীর ও তার বড় ভাই আলমগীরকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে ফেন্সি মিজানের নেতৃত্বে সন্ত্রাসীরা আল ইসলামের বাড়িতে গিয়ে প্রবেশ করে হামলা ভাঙচুর চালাতে থাকে৷ এ সময় আল-ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মা রেজিয়া বেগম ও মিতুল বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় সন্ত্রাসীরা নগদ সাড়ে ৮ লাখ টাকা, ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে আল ইসলাম ও স্থানীয় প্রতিবেশী আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় দুটি পৃথক অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে ।

















