রূপগঞ্জে তেলের গোডাউনে অগ্নিকান্ড” ২ ইউনিটের প্রচেষ্টা নিয়ন্ত্রণে 

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিলভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে।
রোববার ( ২১ সেপ্টেম্বর) সাড়ে ৭ টায় উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায়
আনিসের তেলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী আনিস দীর্ঘদিন ধরে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় একটি দোকানে পেট্রোল, কেরোসিন, মবিল, ব্যাটারি ও ডিজেলের ব্যবসা করে আসছেন। রোববার রাত্র আটটার দিকে হঠাৎ দোকানের পিছনদিকে তেলের গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এসময় বাড়ির লোকজন দৌড়ে বাইরে চলে আসেন। আগুনের তীব্রতা বেড়ে তেলের ২০-২৫টি ড্রাম বিস্ফোরিত হয়। এসময় আগুন ছড়িয়ে দুই তলার একটি বাসারও আংশিক পুড়ে গেছে।
 কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের তেল ও মবিলভর্তি ড্রামসহ গোডাউন পুড়ে গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।