
ডেস্ক রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ের সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, মামলার ২৬ আসামির মধ্যে জহিরুল ওরফে তাওলাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৭ জনকে যাবজ্জীবন, ৬ জনকে খালাস দেওয়া হয়েছে এবং ২ জন আসামি বিচার চলাকালে মারা গেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন: মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল ও পণ্ডিত।
খালাসপ্রাপ্তরা হলেন: আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। আবুল হাসেম ও শওকত মামলা চলাকালীন সময় মারা যান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ভিপি সোহেলের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা। এ ঘটনায় নজরুলের বাবা জালালউদ্দিন বাদী হয়ে সোহেলসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরে জামিনে বেরিয়ে আসা আসামিরা ২০১৫ সালের ১৪ মে জালালউদ্দিনকে তাঁর বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত জালালউদ্দিনের স্ত্রী সোহেলসহ ২১ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৯ জুন মামলার প্রধান আসামি ভিপি সোহেলকে গ্রেফতার করে র্যাব-১১।















