কায়েতপাড়ায় বৃক্ষরোপণ করলেন প্রশাসক আব্দুস সালাম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ডেষ্ক রিপোর্ট:নারায়ণগঞ্জের রূপগঞ্জের পার্শ্ববর্তী খিলগাঁও থানার ৭৫ নং ওয়ার্ড কায়েতপাড়া বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ৭৫ নং ওয়ার্ড কায়েতপাড়া বাজারে এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ৭৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এলিম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

আলোচনা সভায় রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কায়েতপাড়া বালু ব্রিজটি বেগম খালেদা জিয়া উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন। আমার খুব ইচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্রিজটির কাজ সমাপ্ত করে উদ্বোধন করবেন। পাশাপাশি ত্রিমোহনী ব্রিজটিও বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা যায় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আর এই দুইটি ব্রিজ সম্পূর্ণ করার জন্য আমরা পরিদর্শনও করেছি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, এই দেশের জন্য জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে, খালেদা জিয়াকে মরে যেতে হয়েছে। তারপরেও তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। দীর্ঘ ১৭ বছর সংগ্রাম লড়াই করে জনগণের ভোটে তাদেরই পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

আলোচনা সভা শেষে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।