রূপগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীর জমিতে ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ

ডেষ্ক রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যবসায়ীর জমিতে নির্মাণকাজে বাধা দেওয়া, সীমানা প্রাচীর ভাঙচুর এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম মিয়া।
অভিযোগে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের লক্ষ্যা-শিমুলিয়া মৌজায় ২০০৮ সালে বৈধ দলিলের মাধ্যমে ৯ শতাংশ জমি ক্রয় করেন ব্যবসায়ী মাসুম মিয়া। পরে স্থানীয়দের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে সেখানে সীমানা প্রাচীর ও পিলার নির্মাণ করা হয়। তিনি দাবি করেন, প্রায় ১৮ বছর ধরে তিনি শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখলে রয়েছেন।
গত ২২ জুলাই বাড়ি নির্মাণের জন্য জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে রয়েল পার্টিকেল মিলের এমডি আব্দুল্লাহ মোহাম্মদ ইসার নির্দেশে ২০ থেকে ২২ জনের একটি দল সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেয় বলে অভিযোগ করা হয়। এ সময় অভিযুক্তরা জমিটি নিজেদের দাবি করে কাজ চালিয়ে যেতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। মাসুম মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই তারা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীর ও পিলার ভাঙচুর করে এবং জমিতে ‘আব্দুল্লাহ মোহাম্মদ ইসা’ নামের একটি অস্থায়ী সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর ভাই আলী হোসেন বলেন, একই জমি নিয়ে পূর্বে দায়ের হওয়া একটি মামলার তদন্ত আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা সম্পন্ন করেন। পরবর্তীতে প্রতিপক্ষ মামলা প্রত্যাহার করলে আদালতের আদেশ অনুযায়ী তারা জমিতে নির্মাণকাজ শুরু করেন। এরপরও তাদের কাজে বাধা দেওয়া, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।