
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
পূর্বাচল তিনশোফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে ধাক্কায় সড়কে ছিটকে পড়ে রায়হান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতরাত সাড়ে ১১ টার দিকে পূর্বাচল তিনশোফিট সড়কের সুলফিনা ৩ নম্বর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত, রায়হান রূপগঞ্জের হারিন্দা এলাকার দেওয়ান সাজেদুল করিমের ছেলে। সে স্থানীয় হাবিবুর রহমান হারেজ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, গতরাত সাড়ে ১১ টার দিকে বেপরোয়া গতিতে ঢাকাগামী একটি মোটরসাইকেল ওভারটেকিং করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হয় রায়হান নামে আরোহী। মুমুর্ষ অবস্থায় তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় রাতেই বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
















