ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছে।
গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর উপজেলার তারাবো বাজার এলাকায় তারাবো উত্তরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাব এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে নাজমুল-নবী গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়েই দুই গ্রপের লোকের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতন্ডা সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে রূপ নেয়। এসময় দুই গ্রুপ একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। এসময় শ্রাবণ গ্রুপের রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পাশাপাশি বাজারের কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা অভিযোগ করে জানান, তারাব এলাকায় শ্রাবণ ও নবী গ্রুপ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। এ দুইটি গ্রুপের কিশোরগ্যাংয়ের সদস্যরা বেপরোয়াভাবে সন্ত্রাসী কার্যক্রম চালায়। তারা ছিনতাই, হত্যা, ডাকাতি থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই তারা করে না। তাদের ভয়ে সাধারণ মানুষ প্রতবাদ করার সাহস পায় না। তাদের গ্রেপ্তার করার দাবি জানায় এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।